
মোঃ দেলোয়ার হোসেন শিমুল, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর সাপাহার উপজেলার সোনাডাঙ্গা সীমান্ত দিয়ে নারী ও পুরুষসহ চারজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশইন) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তৎপরতায় ওই পুশইনের চেষ্টা প্রতিহত করা হয়েছে। বর্তমানে ওই চারজন বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।
জানা গেছে, মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে সাপাহার উপজেলার সোনাডাঙ্গা বিজিবি ক্যাম্প (বিওপি) এলাকা দিয়ে ভারতের আটিলা বিএসএফ ক্যাম্পের সদস্যরা চারজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেন। তাদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছেন।
বিষয়টি জানতে পেরে সোনাডাঙ্গা বিজিবি ক্যাম্পের টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। এ সময় বিজিবি সদস্যরা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করেন। পরে ওই চারজন সীমান্তের শূন্যরেখায় অবস্থান নেন।
এদিকে, ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে।
নওগাঁ ১৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ এহসান হাবীব পিএসসি বলেন, বর্তমানে ওই চারজনকে ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর চেষ্টা চলছে। সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে। অবৈধভাবে কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও জানান তিনি।