
শুভ সাহা:(সংবাদদাতা)
টাঙ্গাইলের সখীপুরে মাদক সেবনের ভিডিও ধারণকে কেন্দ্র করে চার সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের ও তাদের কারাগারে পাঠানোর প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন মির্জাপুরের গণমাধ্যমকর্মীরা।
এ সময় তারা অবিলম্বে দায়ের করা মামলা প্রত্যাহার এবং কারাবন্দি চার সাংবাদিকের নিঃশর্ত মুক্তির দাবি জানান।
সোমবার (১৬ই নভেম্বর) দুপুরে মির্জাপুর উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে মির্জাপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সংবাদ সংগ্রহ করতে গিয়ে মাদক সেবনের ভিডিও ধারণ করাকে কেন্দ্র করে চার সাংবাদিককে পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে হেনস্তা করা হয়েছে।
পরবর্তী সময়ে তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
যা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তার জন্য গভীর উদ্বেগের বিষয়।
তারা আরও বলেন, সাংবাদিকরা সমাজের অনিয়ম,দুর্নীতি ও অপরাধের চিত্র তুলে ধরেন।
পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যদি তাদের মিথ্যা মামলার শিকার হয়ে কারাগারে যেতে হয়, তাহলে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে।
সাংবাদিকদের কণ্ঠরোধ কিংবা হয়রানি করে সত্য প্রকাশের পথ বন্ধ করা যাবে না।
এ ধরনের ঘটনার বিরুদ্ধে সাংবাদিক সমাজকে দলমত-নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকতে হবে।
উক্ত মানববন্ধন,প্রতিবাদ
এবং সমাবেশে বক্তব্য রাখেন,জনপ্রিয় স্টার নিউজের টাঙ্গাইল প্রতিনিধি মো:রাব্বি খান,
মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম,এনটিভির নাগরপুর-দেলদোয়ার উপজেলা প্রতিনিধি মনির হোসেন,দপ্তর সম্পাদক রাব্বি ইসলাম,বাংলাদেশ প্রেসক্লাব মির্জাপুর শাখার সভাপতি মাসুদ পারভেজ,
সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মিজানুর রহমান, সহ-সভাপতি লুৎফর অরেঞ্জ,মির্জাপুর সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক রুবেল মিয়া,নাগরিক টিভির প্রতিনিধি সবুজ রানা,আনন্দ টিভির প্রতিনিধি মীর সাদ্দাম হোসেন সুমন এবং মির্জাপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু সালেহ সজীবসহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা।
এতে বক্তারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে চার সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলা অবিলম্বে প্রত্যাহার,তাদের নিঃশর্ত মুক্তি এবং সাংবাদিকদের নিরাপদে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।
উল্লেখ্য,মানববন্ধন থেকে সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা ও মব সৃষ্টির ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও পেশাগত স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে সোচ্চার থাকার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সাংবাদিকরা।