
সাইদ গাজী,ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের নগরকান্দায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণে ওজনে কম দেওয়ার অভিযোগের তথ্য সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিকের ওপর হামলা ও লাঞ্ছিতের ঘটনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন থেকে অভিযুক্ত খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার লিয়াকত আলী সরদার টিটোর ডিলারশিপ বাতিল, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।
রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টায় নগরকান্দা প্রেসক্লাবের সামনে উপজেলা সাংবাদিকবৃন্দের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নগরকান্দা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং সংগঠনটির সিনিয়র সদস্য শাহাদাত হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনজুরুল আলম ফরিদ, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আইয়ুব মুন্সীসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা। এ সময় নগরকান্দা প্রেসক্লাব, নগরকান্দা রিপোর্টার্স ক্লাব ও রিপোর্টার্স ইউনিটির সদস্যসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ১০ নভেম্বর উপজেলার চরযশোরদী ইউনিয়নের আশফরদী বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে ওজনে কম দেওয়ার অভিযোগের তথ্য সংগ্রহ করতে যান সাংবাদিক গোলাম মোস্তফা ও নজরুল শেখ। এ সময় অভিযুক্ত ডিলার লিয়াকত আলী সরদার টিটোর পক্ষ থেকে তাঁদের লাঞ্ছিত ও হামলার শিকার হতে হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী সাংবাদিকরা। এ ঘটনায় সাংবাদিক গোলাম মোস্তফা বাদী হয়ে নগরকান্দা থানায় মামলা দায়ের করেছেন।
বক্তারা আরও বলেন, সরকার অসহায় ও নিম্ন আয়ের মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে একজন কার্ডধারীকে ৩০ কেজি চাল দেওয়ার ব্যবস্থা করেছে। অথচ অভিযোগ উঠেছে, উপকারভোগীদের নির্ধারিত ৩০ কেজি চালের পরিবর্তে দেওয়া হচ্ছে মাত্র ২৩ কেজি ৪০০ গ্রাম। এ ধরনের অনিয়মের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। এতে একদিকে যেমন অসহায় মানুষের ন্যায্য অধিকার ক্ষুণ্ন হচ্ছে, অন্যদিকে সরকারের জনকল্যাণমূলক কর্মসূচির ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তাঁরা বলেন, দরিদ্র মানুষের জন্য বরাদ্দকৃত চাল বিতরণে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি কিংবা ওজনে কম দেওয়ার ঘটনা বরদাশত করা হবে না। চাল বিতরণে অনিয়মের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটন করতে হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত ডিলারের ডিলারশিপ বাতিলসহ দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের অনিয়ম, দুর্নীতি ও অসংগতি তুলে ধরেন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তাঁদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন ও লাঞ্ছিত করার ঘটনা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। এ ধরনের ঘটনা শুধু সাংবাদিকদের নিরাপত্তাকেই হুমকির মুখে ফেলে না, বরং সাধারণ মানুষের তথ্য জানার অধিকারকেও বাধাগ্রস্ত করে।
মানববন্ধন থেকে অবিলম্বে মামলার আসামিদের গ্রেপ্তার, অভিযুক্ত ডিলারের ডিলারশিপ বাতিল, চাল বিতরণে অনিয়মের অভিযোগ তদন্ত, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং পেশাগত দায়িত্ব পালনে বাধা প্রদানকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।