
ফৌজি হাসান খান রিকু
স্টাফ রিপোর্টার-
মুন্সীগঞ্জে এক সাংবাদিকের বাবাকে অপহরণ করে ২ লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজীব হোসেন অপুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। নৈতিক স্খলনজনিত অপরাধে জড়িত থাকার অভিযোগে তাকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়।
মঙ্গলবার যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত এক চিঠিতে রাজীব হোসেন (অপু)কে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
রাজীব হোসেন অপু মুন্সীগঞ্জ সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি।
এর আগে সাংবাদিক নাহিদ হাসানের বাবা মো. হাবিবুর রহমানকে অপহরণ করে ২ লাখ টাকা আদায়ের অভিযোগে রাজীব হোসেন অপু ও তার সহযোগী স্বপনকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার দিবাগত রাতে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ২০ বছর ধরে মুন্সীগঞ্জের কাটাখালী এলাকায় কাজী হিসেবে নিকাহ পড়ানো ও বিবাহ নিবন্ধনের কাজ করে আসছেন মো. হাবিবুর রহমান। রোববার (৫ অক্টোবর) দুপুরে রাজীব, স্বপনসহ কয়েকজন মোটরসাইকেলে করে তার বাসায় যান। বিয়ে পড়ানোর কথা বলে তাকে প্রথমে কাজী অফিসে নেওয়া হয়। পরে তাকে জোরপূর্বক মুক্তারপুর এলাকার একটি কক্ষে নিয়ে আটকে রাখা হয় বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, সেখানে স্বপন তার স্ত্রীকে তালাক দেওয়ার বিষয়টি উল্লেখ করে হাবিবুর রহমানের কাছে ২ লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে তার লাইসেন্স বাতিল এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
পরে নিজের নিরাপত্তার কথা বিবেচনা করে হাবিবুর রহমান টাকা দিতে সম্মত হন। তিনি অগ্রণী ব্যাংক পিএলসি, মুন্সীগঞ্জ শাখা থেকে ২ লাখ টাকা উত্তোলন করেন। এরপর স্ত্রী নাসিমা বেগমের উপস্থিতিতে অভিযুক্তদের টাকা দেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগে বলা হয়েছে।
এ ঘটনায় সোমবার রাতে মুন্সীগঞ্জ সদর থানায় রাজীব হোসেন, স্বপন (৩৫), কাটাখালী এলাকার সোহেল (৪৫)সহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনের বিরুদ্ধে মামলা করেন হাবিবুর রহমান।
সাংবাদিক নাহিদ হাসান বলেন, ঘটনাটি মীমাংসার মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। মামলা করলে ভবিষ্যতে কী হতে পারে, তা নিয়েও তাকে ভয় দেখানো হয় বলে অভিযোগ করেন তিনি। তবে রাজনৈতিক পরিচয় নয়, ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনানুগ বিচার চান বলে জানান নাহিদ।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাজীব ও স্বপনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হয়েছে।
অন্যদিকে, রাজীব হোসেন অপুকে দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কারের মাধ্যমে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কেন্দ্রীয় যুবদল।