
মোঃ আনিসুর রহমান শেলী :

টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের (TTEC) অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ATTEC) আয়োজনে ‘ক্যারিয়ার গাইডলাইন ২০২৬’ শীর্ষক বিশেষ ক্যারিয়ার সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলেজের প্রধান অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে টিটেক বিপুলসংখ্যক শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থী (অ্যালামনাই) অংশগ্রহণ করেন। এতে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ ও অভিজ্ঞ সদস্য এবং টেক্সটাইল খাতের বিভিন্ন পর্যায়ে সফল পেশাজীবীরা বক্তব্য দেন।
বক্তারা টেক্সটাইল খাতে পেশাগত উন্নয়ন, বর্তমান টেক্সটাইল শিল্পের বাজার পরিস্থিতি, আন্তর্জাতিক পর্যায়ে উচ্চশিক্ষা ও চাকরির সুযোগ এবং দ্রুত ক্যারিয়ার গড়ে তোলার বিভিন্ন কৌশল নিয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন। পাশাপাশি শিক্ষার্থী ও অ্যালামনাইদের মধ্যে যোগাযোগ ও পেশাগত নেটওয়ার্কিং আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
সেমিনারের শেষ পর্বে শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়। এ সময় শিক্ষার্থীরা তাদের ক্যারিয়ারসংক্রান্ত বিভিন্ন প্রশ্ন তুলে ধরলে অতিথিরা বাস্তব জীবনের অভিজ্ঞতার আলোকে পরামর্শ ও দিকনির্দেশনা দেন।
আয়োজকদের ধন্যবাদ ও শিক্ষার্থীদের সুপরিকল্পিত ক্যারিয়ার গড়ার প্রত্যাশার মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।