
মোঃ তহিদুল ইসলাম শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
পরিচ্ছন্ন ও সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বগুড়ার মোকামতলা উপজেলার স্বর্ণগ্রাম ইউনিয়নের দাড়িদহ হাটে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় উদ্যোগে দাড়িদহ হাটের বিভিন্ন স্থানে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় হাটের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করে পরিবেশ পরিচ্ছন্ন করা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার প্রত্যয়ের ধারাবাহিকতায় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জননেতা মীর শাহে আলমের নির্দেশনায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। মোকামতলা উপজেলা যুবদলের আহবায়ক রাসেল মাহমুদ সবুজের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত কর্মসূচিতে ময়দানহাট্টা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নয়ন মণ্ডলসহ স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অভিযানকালে দাড়িদহ হাটের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থান থেকে ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। পাশাপাশি হাটের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং যেখানে-সেখানে ময়লা না ফেলার বিষয়ে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা হয়।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, দাড়িদহ হাট স্বর্ণগ্রাম ইউনিয়নের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। প্রতিদিন বিভিন্ন এলাকার বিপুলসংখ্যক মানুষ এখানে আসেন। তাই হাটের পরিবেশ পরিচ্ছন্ন রাখা শুধু প্রশাসন বা নির্দিষ্ট কোনো ব্যক্তির দায়িত্ব নয়, এটি সবার সম্মিলিত দায়িত্ব। নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতা বাড়ানো গেলে দাড়িদহ হাটকে আরও সুন্দর ও পরিচ্ছন্ন রাখা সম্ভব।
আয়োজকরা জানান, পরিচ্ছন্নতা অভিযানকে শুধু এক দিনের কর্মসূচিতে সীমাবদ্ধ না রেখে নিয়মিত কার্যক্রমে পরিণত করার পাশাপাশি পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতাকে সামাজিক অভ্যাসে পরিণত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।